আজ রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

আজ রাতে কবিতা
কবিতা: আজ রাতে কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

আজ রাতে কোন স্বপ্ন দেখ তুমি- জানি না তো আমি
আমি অনুমান করি আমার আত্মার দিকে চেয়ে তবু
যদিও আমার মতো তুমি নও কিছু
আজ এই অঘ্রানের রাতে তবু মনে হয়- যেন এক
স্থির কেন্দ্র হতে
স্বর্গ আর নিরয়ের জন্ম হল- ফসল ও বালুকার
তবু তার পর হৃষ্ট শিশিরের শব্দের মতন
আকাশের বড়ো হাত নেমে এসে মুছে দিয়ে যায় সব
তখন থাকে না কেউ আর- কারু চোখে কোনও আলো
চতুর্থীর ম্লান কলা সম্পূর্ণ চাঁদের বৃত্তরেখার উদ্দেশে
স্থির- আরও স্থিরতর হয়ে চেয়ে- নিভে যায়
কোনও এক পুরানো সংগীত গেয়ে পৃথিবীর
প’ড়ে থাকে অন্ধকার, বধিরতা, মাঠ
সকলের সাধারণ ধারণার মতো স্তব্ধ হয়ে।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷