এখন এমন দিন এসেছে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এখন এমন দিন এসেছে
কবিতা: এখন এমন দিন এসেছে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

এখন এমন দিন এসেছে এ-সময়ের স্রোতে
শান্তিকামী মানুষের হৃদয়ের গুণ
অভিশপ্ত হয়ে ফেরে সকলের কাছে- তার নিজের বিচার
(যদি-বা বিচার থাকে) দগ্ধ ক’রে নেয় আপনাকে
অন্যায় প্রশান্তি দেখে হৃদয়ের- আমাদের কেউ
কী ক’রে তাহাকে আর আশীর্বাদ করি
মাথার উপরে সূর্য নিয়ে দীপ্ত নিত্য জন্তুর মতন
সকলে চলেছি বটে- সে কেবল শরীরের ছায়া
রক্তিম কঙ্করে দেখে অবলুব্ধ হয়ে
ছায়াকে এড়াতে চায়- লজ্জাবতী লেমুরের মতো
ছায়াকে ডিঙিয়ে গিয়ে শান্তির প্রেমিক
তবুও শান্তির কোনও দোষ-
দেখেছে শান্তির কোনও দোষ নেই, প্রতিটি ঘাসের
সমীচীন শিষ এসে ব’লে যায় সৃষ্টির আচার
অবশেষে মানুষের অবহিত মেধাবী মনের
নিকটে বিনীত হয়ে- অনুভব করি আমি, জানি
কেন এই বিজ্ঞাপন- তবু- তার সকল অক্ষর
এখনও মায়িক ঘাস: আমাদের অজ্ঞতার কাছে।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷