এই এক আধুনিক কথা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এই এক আধুনিক কথা
কবিতা: এই এক আধুনিক কথা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

সমস্ত সময়ই এই এক আধুনিক কথা
তখন আমি জন্মেছিলাম কী-না তা-ও নিসর্গের মনে স্থির হয় নি
তবুও অনেক দিন হয় মানুষের মৃত্যু হয়ে গেছে
সমুদ্রের বালির উপরে নুনের ফেনা, পরগাছা, পুরুভুজ-
সে এক শীতের দেশের সমুদ্র
সময় সেখানে অনেক দিন কেটে গিয়েছে ব’লে
মলিন বালির উপর অন্ধকার পাথর: গাধার চোয়াল, হুবহু মনীষীর মুখ
সমুদ্র বিষয়কে শেষ ক’রে প্রতীকের মতন নিস্তব্ধ হতে চায়।
সেইখানে এক-আধটি সমুদ্রপাখি সমস্ত দিনের অন্ধকারে
কোথাও দেখা যায় না
এক-আধটি নারীর কাপড়কে সাদা পাখি ব’লে মনে হয়:
এক-আধটি বিলীয়মান ফেনাকে
এই সব জন্মের আগে- মৃত্যুর পরে কী না
আমি জানি- শুক জানে- সঞ্জয় জানে কী না জানি না।
এইখানে সূর্য হয়তো সময়ঘড়ি- আলো কী না
এইখানে সূর্য হয়তো আলো- তবুও সময়ঘড়ি কী না
দু’ একটি দীর্ঘ নারী ঢের দূর আকাশরেখায়-
অথবা তা মেঘের হেঁয়ালি কী না
আমি জানি- শুক জানে- সঞ্জয় জানে কী না জানি না।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷