হৃদয় প্রথম দিন কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৩তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

হৃদয় প্রথম দিন
কবিতা: হৃদয় প্রথম দিন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

হৃদয় প্রথম দিন- তবুও অনেক দিন দেখে গেল (এই শীত) সিন্ধুর কিনারা
সব প্রতিভাত জল- দিনের বেলায় চোখ যত দূর যায়
রাত্রির রঙের মতো কালো- ভোরের ভিতরে পুনরায়
সে-রকম- সেইখানে আমি আর জ্ঞাতকুলশীল এক কালো মেঘ ছাড়া
আরও কেউ-কেউ ছিল- অথচ তাদের পরিচয়
পাহাড়ের গায়ে কালো পাথরের
গাধা ও মনীষীদের হুবহু মুখের মতো হিম মনে হয়
পৃথিবীর পরিমাপে গুনে নিলে তিন বার তিন মাইল জল
আমাদের এই দিকে- তিন বার তিন মাইল মাটি
আমাদের অই পাশে- তবুও আর-এক চিহ্ন- আরও বেশি খাঁটি
মৃত রমণীর সাদা কাপড়ের মতো অবিকল
পাহাড়ে- ডাইনি-ঘরে প’ড়ে আছে সূর্যের নিকটে
সেখানে কী ক’রে কেউ যেতে পারে তবে
(আমাদের জন্ম-মৃত্যু এ-রকম হিম পৃষ্ঠপটে)
ভেবে প্লেটো ম’রেও জুয়াতে পারে নি কিছু ঘটে।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷