নিবিড় সাদা ঘোড়া কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

নিবিড় সাদা ঘোড়া
কবিতা: নিবিড় সাদা ঘোড়া
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

সেখানে সহসা গিয়ে দেখা গেল অনেক নিবিড় সাদা ঘোড়া
সুমন্ত্র’কে সারথির মতো যেন পেয়ে গেছে- তবু-
তাহারা নিজেরা আজ নিজেদের প্রভু
বায়ুর ভিতর দিয়ে চ’লে যায়- যেখানে পাহাড়
নিজের আয়ত চূড়া ঠেকায়েছে নীলিমার সাথে
সেইখানে ফাল্গুনের রাত্রির গায়ে
প্রকৃতি কাহাকে রেখে দেবে ঢের ভেবে
এক মুঠো সাদা ঘোড়া দিয়েছে ছড়ায়ে
আমিও অগস্ত্য-যাত্রা শুরু ক’রে সময়ের আগে
প্রণয়িনী জননী ও জনতাকে ভুলে
কোথায় হতেছে রণ গোক্ষুরা-নেউলে
ফেলে দিয়ে রক্ত বনদেবীদের ভাগে
দাঁড়ালাম সাগরের পারে গিয়ে একা
সেখানে আকাশ উচ্চ জ্যামিতির মতো
আকাঙ্ক্ষায় জেগে উঠে কেটেছে গভীর নীল রেখা
সাদা পায়রা’র মতো দু’-একটা মেঘ ইতস্তত
রয়েছে রাত্রির গায়ে সাটিনের বুনোনিতে লেগে
তবুও সাটিন পাখি মানুষের বিমূঢ় হৃদয়
সেই রাত নীলিমার রূপকের মতো কিছু নয়
বাচকবী, আমাদের অর্থ প্রকাশিত হয় স্পষ্ট বাক্যের আবেগে
ছাগলের মুণ্ড, রক্ত, দক্ষকন্যাদের মুখে লোল
আকাশে আবহমান কাল ঘুরে পেয়ে গেছে শুদ্ধ সমতা
হয়ে গেছে এই সব ঘোড়াদের মতন নিটোল।
অনুভব ক’রে নিয়ে নিশিত অগস্ত্য গেল চ’লে
তিনটি পথের মোড়ে এক পথ বেছে
কেন-না সে চির-কাল রয়ে গেছে বেঁচে
একটি বিশিষ্ট পথরেখা সাঙ্গ হলে
জেনে নেবে অন্য পথ ব্যাপ্তি মানব-অন্তরে
অথবা যা ভারিক্কে ব্রহ্মাণ্ডের এই সেই ব্রহ্মাস্ত্রের দেশে-দেশে হেঁটে
আমরা ঢেঁকি-ও-ব্রহ্মে শানিত স্বপ্ন দেখে হাত রেখে হৃদয়ের ‘পরে
টের পাই বেলা শেষ হয়ে গেল বাতাপী’র পেটে।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷