এই সব শীতের রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এই সব শীতের রাতে
কবিতা: এই সব শীতের রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

এই সব শীতের রাতে আমি জেগে থাকি
কোনও এক সন্তানের ধূসর পিতার মতো (জেগে থাকি আমি)
জানালার ভিতর দিয়ে তাকিয়ে দেখি অনেক নক্ষত্র
আরও দূর অন্ধকার আকাশের দিকে চ’লে গিয়েছে
মিশকালো শূন্য
কোকিলের ডানার মতো
(মনে হয় যেন কোকিলের গানের মতো)
কবেকার কোন্ সব মৃত ফাল্গুনের;
কিন্তু আজ রাতে যেন আলো জ্বালিয়ে চলেছে তারা
সেই সব লুপ্ত তিথি, প্রেম, মুখ-
কোকিল, শান্তির জলের শব্দ-
আজ রাতে নক্ষত্র হয়ে গেছে
শীতের রাত যখন পৃথিবীকে ঘুমে ও দুঃখে জড়ায়-
তারা নক্ষত্রের বুনোহাঁস
আমার চোখে যে-আকাশ নেই আর সেই দিকে ভেসে চলেছে…
তাকিয়ে দেখি সকালের আরক্ত সূর্য
নিষিদ্ধ মাংসের দোকানে ব’সে কুৎসিত কলরবে আগুন হয়ে উঠল।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷