সারা দিন দিবারৌদ্রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

সারা দিন দিবারৌদ্রে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সারা দিন দিবারৌদ্রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

সারা দিন দিবারৌদ্রে

কবিতা: সারা দিন দিবারৌদ্রে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সারা দিন দিবারৌদ্রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

সারা-দিন দিবারৌদ্রে আকাশে কোথাও মেঘ নেই
সূর্য তার ভয়াবহ সুস্থতায় জ্ব’লে
চেয়ে দেখে সুসজ্জিত দেশ এক ছড়ায়ে রয়েছে
কোনও দিন শৃঙ্খলার এক-চুল ব্যতিক্রম হলে

সাজানো সৈনিক সব ন’ড়ে উঠে উজ্জ্বল শরীরে
ভোরবেলা জেগে উঠে সুশৃঙ্খল কাজের নির্দেশ
দিয়ে যায় পরিচ্ছন্ন মানুষেরা অগণন অষ্টাবক্রদের
এ-রকম ব্যক্তিগত পরিষ্কার দেশ

তবুও যাদের দেশ সেই সব জ্ঞানপাপী পথিকের ভিড়
ঘুরে যায় সময়ের মাঝ-পথ দিয়ে
ডান দিকে একটি শতাব্দী তার দৈত্যের শরীর নিয়ে শুয়ে
বাম দিকে অপরটি দানবীর মুখ নিয়ে রয়েছে দাঁড়িয়ে

মৃত্তিকার অন্ধ সত্যে গ্রাসাচ্ছাদন আছে তবু
গভীর বিশ্বাসে ওর মানুষেরা চোখে চোখ এঁটে
সারা-দিন নিজেদের সোনালি ফসল কেটে- তবু
ফতুর হতেছে ফালতু চিপটেন কেটে

গভীর আক্ষেপে তারা মৃতোপম শতাব্দীর পানে চেয়ে থেকে
পিতা-পিতামহদের রীতি, ব্যাজস্তুতি, ভয়, মৃত্যু, নষ্ট ফসল
গণনার ভয়াবহ লোভে ধরা প’ড়ে
কেবলই হতেছে উচ্চুঙ্খল

হেমন্তের পাতা সব উড়ে আসে নদীর উপরে
তেমনই প্রতুল শব্দে নিজেকে প্রকাশ ক’রে যায় জনমত
তার পর স্তব্ধ হয়ে প’ড়ে থাকে মাটির উপরে
রুদ্ধশ্বাস ক’রে রাখে সন্ততির, সন্ততির সন্ততির আগামী জগৎ

তবুও চতুর্দিকে নির্বাচিত, নিরুপম ভাষা
অনেক স্বর্গীয় শব্দ ভয়াবহ ভাবে জেগে আছে
জীবিত জন্তুকে তারা জ্ঞানময় ক’রে নিতে গিয়ে
প্রমাণিত ক’রে রাখে সূর্যের কাছে

মৃত ব’লে; দীর্ঘ জানালার কাছে দণ্ডায়মান
মাঝে-মাঝে দেখা যায় কার যেন বিশিষ্ট শরীর
মাঝে-মাঝে দেখা যেত- ইদানীং অতি-কদাচিৎ
হয়তো আবিষ্ট স্তম্ভ ভেঙে গেছে আত্মপ্রতীতির।

মৃত ব’লে; জলের বিম্বের মতো সবের জীবন
অন্য বিম্বদের সাথে যদি ব’লে যেত কথা
তার পর ম’রে যেত। সময়ের সুনিয়মে তবুও তাহারা
পেয়েছিল মানবের মতো মহীয়ান অভিজ্ঞতা।

 

সারা দিন দিবারৌদ্রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment