এই প্রথম দেখা নয় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এই প্রথম দেখা নয়
কবিতা: এই প্রথম দেখা নয়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

তোমার সঙ্গে এই প্রথম দেখা নয়-
যখন ডাইনোসুর জন্মায় নাই
পৃথিবীতে ছিল বরফ আর আবছায়া
(দুই স্তর আশ্চর্য অরণ্যের ফাঁকে
তখন ঈশ্বরের বিচরণ)
(যখন উকিল ও বণিকের দল ধুলোর ভিতর জীবাণু শুধু
হায়, তা-ই যদি থাকত চির-কাল!)
তখন এক নিবিড় মধ্যরাত্রি
সমুদ্রের কালো চাদরের ভিতর ঘুমিয়েছিল
আমার কাঁধে ঝাপসা হাত রেখে তোমার দেহের ধূসরতা নিয়ে
মানুষগন্ধহীন মধ্যরাত্রির অন্ধকারে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলে
চারি-দিকে সমুদ্রের রেখা শুধু, আকাশের রেখা,-
চারি-দিকে আবছায়ার রেখা শুধু, সমুদ্রের রেখা-
কুয়াশার অস্পষ্টতা, হিমের ভালোবাসা-
তখন উকিল ও বণিকের দল ধুলোর ভিতর জীবাণু শুধু।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷