এখনও তোমার চোখে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এখনও তোমার চোখে
কবিতা: এখনও তোমার চোখে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

এখনও তোমার চোখে- মনে হয়- রয়ে গেছে ব্যস্ত প্রতিশ্রুতি
ভোর-পরিপ্রেক্ষিতের আলোকের;-
অথবা আমার মনে স্মৃতি আজও কাজ করে
অন্য এক আকাশের গুণে ভরা বৃহৎ দিনের-
এখনও তোমার কথা মনে ভেবে অঘ্রান-মাঠের দিকে চেয়ে থেকে।
কখনও বিকেলবেলা দেখা যায় শিশু এক দাঁড়ায়েছে চোখের সম্মুখে
বাদুড়ের কঙ্কালের মতো যেন- তবুও হৃদয়ে তার মেধাবী আমোদ।
তুমি অত তুচ্ছ নও- পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে আজ
হয়ে গেছ দীর্ঘ- দীর্ঘতর রেখা- আশ্চর্য খবর আসে কানে
বাতাসের উপরোধে বিচলিত হয়ে এক পাথরের গম্বুজ যেমন
নিজের মাথার ‘পরে ছিপছিপে নিশান উড়ায়ে সারা-দিন
গুপ্ত রাখে আপনার নিট বধিরতা- পঙ্গপাল, জন্তু, জীব, নক্ষত্রের কাছে
তুমিও তেমন আজ- সাধারণদের নেতা- নিরক্ষর মজুরের ভিড়ে
অথবা কোথাও আরও ষড়যন্ত্রে বিমোহিত হয়ে
চঞ্চল ইশারা তুমি- এ-সব খবর কানে আসে
বহু দিন এসেছিল ঈষৎ বিহ্বল হয়ে- তার পর অঘ্রান-বিকেলে
তুমি আজ কিছু নও- তোমারই মতন নিস্তব্ধতা।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷