মৃত কুকুর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

মৃত কুকুর
কবিতা: মৃত কুকুর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কোথায় কুকুর যেন দেখিয়াছি- আজ নয়
ম’রে প’ড়ে আছে- তাই ভয়
পঁচা গন্ধ বার হবে- যেন- মনে হয়
তবুও এড়াতে গিয়ে দেখেছি তাকায়ে
বাদামি রঙের ছোপ খানিকটা পায়ে
স্তনের উপর পেট সাদা হয়ে রয়েছে ছড়ায়ে
জুঁইয়ের মতন সাদা- বৈদিক ঋষিদের দাড়ির মতন
গভীর মেঘের রঙে ভ’রে ফেলে মন
কার্তিকের রৌদ্রে নীল আকাশ এখন
যেন এই সাদা পেট মেঘ হয়ে যাবে
যোজনের পরে দূর নীলিমার যোজনে গড়াবে
মাছি কেন- মাটি কেন- তাহারে আঁধার কেন খাবে?
ধবল রঙের পরে আবার বাদামি ঢেউ এনে
হৃদয়ের গাঢ় রসে কে যেন গিয়েছে তুলি টেনে
এক পাল শকুনের ভিড়ে সব শেষ হয় জেনে
দু’-এক মুহূর্ত সেই হৃদয়ের নিকটে দাঁড়ায়ে
তার পর চ’লে যাই অশ্লীল দুই পা বাড়ায়ে
ট্রামের চাকায় মিতভাষিণীর মূঢ়তা মাড়ায়ে।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷