যেই সব ভোর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

যেই সব ভোর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

যেই সব ভোর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

যেই সব ভোর

কবিতা: যেই সব ভোর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

যেই সব ভোর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

আমাদের পৃথিবীর বশে থেকে যেই সব ভোর
এক দিন চিনে গিয়েছিলে তুমি- সে-সবের থেকে
আজ এই সকালের কোথাও প্রভেদ নেই- সে-রকম ঘাসের উপরে
পাতাগুলো উড়ে এসে শুয়ে থাকে- হরিতকী গাছে
নদীর ভিতরে মুখ দেখে।

যদি তুমি জেগে উঠে দেখে যেতে সব
বুঝে যেতে পুরাতন তাৎপর্যের মতন নীরব
এ-সব নতুন দিন- নির্দিষ্ট তারিখে
ধরা দিয়ে অন্য এক নক্ষত্রের সময়ের দিকে
চ’লে গিয়ে পুনরায় পৃথিবীর ভোরে ফিরে আসে

যত দূর ভূমিজ রেখার দিকে চেয়ে থাকি আমি
(যত দূর) জীবনের দিকে চেয়ে থাকি
সকলই মহানুভব গোলাকার রূপ নিয়ে আসে
সময়ের জননীর মতো তাকে মনে ক’রে এক রত্তি কেন্দ্রের সকাশে
আমি সেই বিজন জনের বুক ছুঁতে গিয়ে অনুভব করি
অতীব সহজ হয়ে তবুও সে অতিশয় প্রবল ধুনুরি
সাদা সাধারণ স্পর্শে মূল্যবান জিনিসকে যে-রকম নিয়ে যায় চোর
আমার চোখের থেকে উবে গিয়ে আলোর ফিকিরে
তেমনই কোথাও তুমি রয়েছ বিভোর।

 

যেই সব ভোর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment