যেই সব যুবকেরা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

যেই সব যুবকেরা
কবিতা: যেই সব যুবকেরা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

যেই সব যুবকেরা- আফ্রিকায়-
সিংহ- আর স্বর্ণ-সন্ধানের ঢের আগে
চেয়ে দেখে গভীর আকাশরেখা দৃঢ় ক’রে
সূর্য এসে দাঁড়ায়েছে অমেয় ভূভাগে
নক্ষত্রের সমুজ্জ্বল মাছের মতন
অন্ধকার আকাশজলের কুক্ষিগত
আর সূর্য: বোলতা’র স্ফটিক পাখায়
কাঁপিতেছে ভয়ঙ্কর দর্পণের মতো
যাহাদের জীবনের সমারোহ
দুয়ারের মিসিসিপি,- গাঙ্গেয় বাতাসে
যাহাদের দক্ষ চোখে প্রাঙ্গণের শঙ্খচিল
বিষুবরেখায় ঘুরে আসে
হাতের তেলোয় জল… তাহাদের
দুপুরের সূর্যবিম্ব গিলে
সস্মিত ভার্যার মতো চেয়ে থাকে
যেন এক (সমুদ্রের) অনন্ত সলিলে
যাহারা নদীর পথে কুয়াশাকে
আকাশরেখাকে ভেঙে- করে আরোহণ
অকস্মাৎ শোনা যায় গ্লাসিয়ার’এ
ঝরনার সুপ্রজনন
তারা প্রেম। পুরানো দর্শন পড়া সাঙ্গ ক’রে তবু
ভিন্নতর নতুন প্রমিতি
যাহাদের শিক্ষা দেয় আগুনের থেকে উঠে
চির-দাহ্য পদার্থের রীতি
যেই সব যুবাদের অনুজ্ঞায় অরুন্তুদ
কুমোরের চাকা ক্লেশে ঘোরে
পৃথিবীর প্রামাণিক প্রভুদের
মৃত্তিকার মতো মনে ক’রে
যাহাদের অহঙ্কার পাহাড়ের পায়ের নিকটে
এক শিষ তৃণের সমান
কেবলই প্রবীণ যোনি ভেদ ক’রে জেগে ওঠে
অনন্ত স্থাণুর মুখে নিত্য বায়ু সঞ্চালন
তাহাদের হাতে আমি দিয়ে যাই
সময়কে ভালোবেসে- যেই সংকলন
গেঁথেছে প্রেমের মৃত্যু এই পারে
অই লোকে পারদবিহীন দর্পণ।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷