গভীর শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

গভীর শীতের রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৭ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

গভীর শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

গভীর শীতের রাতে

কবিতা: গভীর শীতের রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

গভীর শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

গভীর শীতের রাতে বিছানার স্বপ্ন থেকে উঠে
রাজীব দেখিল তার ছারপোকা-রক্ত- ক্লান্ত- ধূসর মশারি
জাবর কাটিছে যেন ঢের প্লুত অতীতের
সমস্ত শরীর তার ভিজে গেছে ধমনীর ঘামে
বিষুবরেখার সূর্যে ক্রূর- লোল- জলের ভিতর থেকে
প্রবালশিকারি এক ভয়ঙ্কর ধীবরের মতো
উঠে এল যেন তার অবয়ব- প্রাণ-

মশারি সরায়ে ধীরে- দেশলাই তুলে নিয়ে
জানালার ফাঁক দিয়ে তাকাল সে- অরণ্যের বাঘিনি’র মতো:
আশ্চর্য সুন্দর তুমি জ্যোৎস্নারাতে- তবু কেন বিপরীত তুমি
কেন তুমি আমাদের রক্তস্রোতে আতঙ্কের রোমহর্ষ এনে
বলিতেছ বার-বার অশ্রু আর বিদ্বেষের মাইলের-পর-মাইল কড়ির পাহাড়ে
হাড়ের পাথারে হাড় হতে হবে- হতে হবে-

আমি পারি?- আমি পারি না কি?- সব প্রশ্ন শিশুদের দোলনায় ফেলে
আঁধারের নম্র বালি উটপাখিদের তরে রেখে
দু’ চোখ মেলিতে হবে- মেলিয়া ধরিতে হবে- চকবাজারের রৌদ্রে চির-দিন
ইঁদুরের ভিড়ে ব’সে বুড়ো এক দর্জির মতন।
প্রবীণ শরীর তার- (বলিরেখা)- সেবা তার সুতো হয়ে সূচের বিবরে
গলিতে পারিত যদি
এক দিন ভস্ম হয়ে- ধুলো হয়ে- সূচটাকে গিলিবার আগে।

 

গভীর শীতের রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment